আচার সংরক্ষণ
এই বৃষ্টি এই রোদ। গৃহিণীরা অনেকেই চিন্তিত হয়ে পড়েন, নতুন তৈরি করা আচারগুলোয় ছত্রাক পড়ে এগুলো আবার নষ্ট হবে না তো? এই অবস্থায় কী করা?
আর্দ্র আবহাওয়ায় জীবাণু দ্রুত বংশবিস্তার করে খাদ্যদ্রব্য পচিয়ে ফেলে। বিশেষ করে আচারজাতীয় সংরক্ষিত খাদ্যদ্রব্যগুলো কোনোভাবেই এ সময় ভালো রাখা যায় না রোদের অভাবে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক শম্পা শারমিন খান এ বিষয়ে বলেন, আচার সংরক্ষণে প্রথমেই যে বিষয়টি লক্ষ রাখতে হবে, তা হলো কনটেইনারটি জীবাণুমুক্ত কি না। এরপর মনে রাখতে হবে, সংরক্ষণ দ্রব্য সঠিক অনুপাতে ব্যবহার করা হচ্ছে কি না। টকজাতীয় আচারে নির্দিষ্ট অনুপাতে লবণ ব্যবহার করা, মিষ্টিজাতীয় আচারে চিনি ব্যবহার করার বিষয়ে লক্ষ রাখতে হবে। লবণ, চিনি ও তেল-এই তিন দ্রব্য হলো সবচেয়ে ভালো সংরক্ষক দ্রব্য। তা ছাড়া রসুন, আদা, পাঁচফোড়ন এসব তো আছেই। অনেকে মনে করেন, আচার ঠান্ডা করে এরপর তা বয়ামে ভরা উচিত। আসলে এ ধারণা ভুল। গরম অবস্থাতেই আচার বয়ামে ভরা উচিত এবং বাষ্পটুকু শুষে নেওয়ার জন্য বয়ামে পাতলা কাপড় ঢাকনা হিসেবে ব্যবহার করা উচিত। সাইট্রিক এসিড এবং বেনজয়িক এসিড সংরক্ষক দ্রব্য হিসেবে ভালো-তবে এসব ব্যবহারের আগে লক্ষ রাখতে হবে, কোন ধরনের ফলের আচার হচ্ছে। যেমন লেবুর আচারে সাইট্রিক এসিডের প্রয়োজন নেই। কারণ, লেবু নিজেই সাইট্রিক এসিড দেয়।
এ ছাড়া যেসব ব্যাপার মাথায় রাখতে হবে তা হলো, ফলটি ঠিকমতো শুকিয়ে (পানিশূন্য) অতঃপর তেলে দেওয়া। খাওয়ার সময় স্টেনলেস শুকনো চামচ ব্যবহার করা এবং আচার তৈরির সময় কাঠের চামচ ব্যবহার করা ইত্যাদি। ঠিকমতো রোদে দেওয়া না গেলে ফ্রিজে আচার রাখুন, ভালো থাকবে অনেক দিন। আর সে রকমও যদি ব্যবস্থা না থাকে, তাহলে একদম ডুবো তেলে ফলগুলোকে ডুবিয়ে রাখুন, যাতে জীবাণু তেলের আস্তরণ ভেদ করে ভেতরে ঢুকতে না পারে।
উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ১২, ২০০৭
ক্যাপসিকাম মটরশুঁটি পাকৌড়া
উপকরণঃ মটরশুঁটি সেদ্ধ ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, ডিম ১টা, ময়দা আধা কাপ, ক্যাপসিকাম টুকরা (কিউব) আধা কাপ, লবণ আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পানি প্রয়োজন হলে সিকি কাপ।
প্রণালীঃ ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে পাকৌড়ার আকার করে নিতে হবে। এরপর ডুবোতেলে ভেজে গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০১.২০.২০০৮
মালাই মটরশুঁটির শিক কাবাব
উপকরণঃ মটরশুঁটি ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, বেসন ২ কাপ, কাবাব মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, স্বাদ লবণ ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, দুধের সর বা গুঁড়ো দুধের ক্রিম ৪ টেবিল চামচ, তরল বাটার ২ টেবিল চামচ, ডিম ১টা।
প্রণালীঃ আদা বাটা, রসুন বাটা দিয়ে মটরশুঁটি সেদ্ধ করে নিতে হবে। ওই মটরশুঁটির সঙ্গে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ভাগ করে প্রতিটি অংশকে শিকে গেঁথে আগুনে ঝলসাতে হবে। ওভেনে গ্রিল করা যায়। সে জন্য সাশলিকের কাঠিতে গেঁথে নিতে হবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০১.২০.২০০৮
পাউরুটিতে মটরশুঁটি
উপকরণঃ মটরশুঁটি সেদ্ধ ১ কাপ, চিজ ঝুরি (গ্রেট করা) আধা কাপ, টমেটো টুকরা বিচি ছাড়া আধা কাপ, লবণ ১ চা চামচ, চিনি আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, স্বাদ লবণ ১ চা চামচ, পাউরুটি পরিমাণমতো, ডিম ফেটানো ১টা।
উপকরণঃ মটরশুটি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার চিজ ফেটিয়ে সঙ্গে মটরশুঁটি এবং বাকি সব উপকরণ একসঙ্গে দিতে হবে। এবার পাউরুটি ওভেনে টোস্ট করে নিতে হবে ১০ মিনিট। তৈরি করা পেস্ট পাউরুটির ওপরে দিয়ে আরও ১০ মিনিট ওভেনে টোস্ট করতে হবে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। গরম গরম পরিবেশন করলে খেতে মজা লাগবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০১.২০.২০০৮
মটরশুঁটি চাট
উপকরণঃ মটরশুঁটি ২ কাপ (অল্প লবণ দিয়ে সেদ্ধ করা), আলু সেদ্ধ (আধাভাঙা) ১ কাপ, টমেটো টুকরা (কিউব) আধা কাপ, চাট মসলা ১ চা চামচ, শুকনা মরিচ (টেলে গুঁড়া করা) ১ চা চামচ, লবণ ১ চা চামচ, জিরাভাজা গুঁড়া ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, তেঁতুল গোলা আধা কাপ (এর সঙ্গে সিকি চা চামচ চিনি ও সিকি চা চামচ মরিচ গুঁড়া মিশিয়ে জ্বাল দিয়ে নিতে হবে), চানাচুর আধা কাপ, ফুচকা গুঁড়া ১ কাপ, শুকনা মরিচ ১টা।
প্রণালীঃ চুলায় তেল দিয়ে প্রথমে আস্ত শুকনা মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন ফেলে মটরশুঁটি দিতে হবে। এর মধ্যে টমেটো টুকরা দেবেন। এবার আলু সেদ্ধ (আধাভাঙা) দিয়ে ভালো করে ভেজে লবণ, চাট মসলা, জিরাভাজা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে। খাওয়ার সময় ওপরে তেঁতুল গোলা, চানাচুর ও ফুচকা গুঁড়া দিয়ে পরিবেশন করুন।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০১.২০.২০০৮
সবুজ রোল
উপকরণঃ মটরশুঁটি সেদ্ধ ১ কাপ, বাঁধাকপি কুচি ১ কাপ, পেঁপে গ্রেট করা ১ কাপ, চিংড়ির কিমা আধা কাপ, মুরগির কিমা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, স্বাদ লবণ আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ টুকরো কিউব ৪ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, স্কিন রুটি ২ প্যাকেট।
ফিলার তৈরিঃ চুলায় তেল গরম হলে পেঁয়াজ টুকরা ভেজে তার মধ্যে মুরগির কিমা, চিংড়ির কিমা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে তার মধ্যে মটরশুঁটি সেদ্ধসহ একে একে সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর নামিয়ে নিন।
এবার স্কিন রুটির প্রত্যেকটি শিট আলাদা করে তার মধ্যে নামিয়ে রাখা মটরশুঁটি ও অন্যান্য উপকরণ দিয়ে রোল করে একপাশে ডিম দিয়ে আটকিয়ে দিন। এবার রোলটা ভেজে নিতে হবে ডুবোতেলে। পরিবেশনের সময় কিছু কাঁচা মটরশুঁটি ছড়িয়ে দিতে পারেন, সুন্দর লাগবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০১.২০.২০০৮
ভাত
মাছ
ডাল
ডিম
মাংস
বিদেশী
স্যুপ
পানীয়
শাক সবজি ফল
টক ঝাল মিষ্টি
বেকিং